যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২০ লাখ ছাড়াল

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ০০:০৯

যুক্তরাষ্ট্র যখন থ্যাংকস গিভিং ডের প্রস্তুতি নিচ্ছে, তখন সেখানে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে হু হু করে। শনিবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২০ লাখ ছাড়িয়েছে এবং মারা গেছে আড়াই লাখের বেশি মানুষ। করোনার বিস্তার রোধে ক্যালিফোর্নিয়ায় কারফিউ জারি করা হয়েছে। খবর সিএনএনের

জনস হপকিন্স ইউনিভার্সিটি জানিয়েছে, গত শনিবার ছিল ১৯তম দিন, যেদিন সংক্রমণের সংখ্যা দেড় লাখের ওপরে ছিল। এর আগে গ্রীষ্মে ও বসন্তে এত মানুষ এক দিনে আক্রান্ত হয়নি। গড়ে ৬০ হাজারের ওপরে যায়নি। স্থানীয় সময় শনিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১ কোটি ২০ লাখ ৮৮ হাজার ৪১০। মারা গেছে ২ লাখ ৫৫ হাজার ৮৬১ জন। শুধু শনিবারই সংক্রমিত হয় ১ লাখ ৭৭ হাজার ৫৫২ জন এবং মারা যায় ১ হাজার ৪৪৮ জন। করোনায় মোট আক্রান্তের এক-চতুর্থাংশই নভেম্বরের।

এদিকে ক্যালিফোর্নিয়ায় কারফিউ জারি করা হয়েছে। স্থানীয় সময় শনিবার রাত থেকে এই কারফিউ শুরু হয়। রাজ্যের একটি বড় কাউন্টি লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ সতর্ক করেছে, করোনার বিস্তার বাড়তে থাকলে কঠোর লকডাউন আসতে পারে। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত ঘর থেকে বের হওয়া যাবে না। ৫৮ কাউন্টির ৪১টিতেই কারফিই বলবত্ থাকবে। রাজ্যে ১০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।