পরিবর্তনশীল বিশ্বে টিকে থাকতে বৈশ্বিক মানে উন্নীত হতে হবে :আইনমন্ত্রী

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ০০:১০

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সময় প্রতিনিয়ত পরিবর্তনশীল। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদা, আচার-আচরণ, দাবি-দাওয়া, অপরাধের ধরন, পরিবেশ-পরিস্থিতি, যোগাযোগ ব্যবস্থাসহ সব বিষয়ে প্রতিনিয়ত পরিবর্তন ঘটে। আজকে যে অনলাইন প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে, এটিও কিন্তু এক ধরনের পরিবর্তনের ফসল। তিনি বলেন, পরিবর্তনশীল পৃথিবীতে সফলভাবে টিকে থাকতে হলে সর্বনিম্ন পদ থকে শুরু করে সর্বোচ্চ পদে অধিষ্ঠিত সবাইকে সময়োপযোগী, আধুনিক এবং বৈশ্বিক মানে উন্নীত হতে হবে। আর এজন্য প্রশিক্ষণের বিকল্প নেই। গতকাল রবিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা ও দায়রা জজ এবং স্পেশাল জজদের জন্য অনলাইনে আয়োজিত ১৪৩তম রিফ্রেশার কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, দেশের প্রতিটি অঙ্গ এবং প্রতিষ্ঠানকে ঐক্যবদ্ধ হয়ে একই লক্ষ্যে কাজ করতে হবে—আর তা হলো, দেশের আপামর জনগণের উন্নয়ন। আমাদের দেশের প্রত্যেকটি মানুষ যেন সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারে, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ অন্যান্য মৌলিকা চাহিদা পূরণ করে পছন্দমতো পেশা ও ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জন করতে পারে, সেটাই আমাদের সবাইর মূল লক্ষ্য হওয়া উচিত। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইনসচিব মো. গোলাম সারওয়ার বক্তৃতা করেন।