ত্রিপুরায় বিক্ষোভে গুলি নিহত একজন

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ০০:১১

ভারতের ত্রিপুরা রাজ্যের কাঞ্চনপুরে ব্রু উপজাতির মানুষদের পুনর্বাসন দেওয়ার বিরুদ্ধে যে বিক্ষোভ-অবরোধ চলছে, সেখানে শনিবার পুলিশ গুলি চালিয়েছে। পুলিশ জানিয়েছে, শ্রীকান্ত দাস নামে এক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে অন্তত পাঁচজন। মিজোরাম থেকে প্রায় দুই দশক আগে পালিয়ে আসা ব্রু উপজাতির প্রায় ৩৫ হাজার মানুষকে ত্রিপুরায় পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এজন্য গত জানুয়ারিতে কেন্দ্র, রাজ্য এবং উপজাতির নেতাদের মধ্যে এক চুক্তিও হয়। কিন্তু কাঞ্চনপুরের স্থানীয় মানুষরা এতো সংখ্যক শরণার্থীকে সেখানে পুনর্বাসন দেওয়ার বিরোধিতা করছেন। গত সোমবার থেকে কাঞ্চনপুরে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পাশাপাশি প্রতিদিনই নিষেধাজ্ঞা ভেঙ্গেই রোজ হাজার হাজার নারী ও ছাত্র-ছাত্রীরা মিছিল করছে। শনিবার পানিসাগর এলাকায় এরকমই একটি মিছিলের ওপরে পুলিশ গুলি চালায়। —বিবিসি