রেজেনেরনের অ্যান্টিবডি জরুরিভাবে ব্যবহারের অনুমোদন এফডিএর

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ০০:৩১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা চিকিত্সায় ব্যবহূত একটি পরীক্ষামূলক অ্যান্টিবডি থেরাপি জরুরিভাবে ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা এফডিএ। এই অ্যান্টিবডির উদ্ভাবন করেছে রেজেনেরন ফার্মাসিউটিক্যাল। রয়টার্সের খবরে বলা হয়েছে, রেজেনেরন ফার্মাসিউটিক্যালের তৈরি ঐ অ্যান্টিবডি থেরাপি মূলত দুটি শক্তিশালী অ্যান্টিবডির মিশ্রণে তৈরি। প্রাথমিক পরীক্ষায় এটি করোনা ভাইরাসের মাত্রা কমাতে সাহায্য করে বলে দেখা গেছে।

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক সংস্থা এলি লিলির তৈরি মনোক্লোনাল অ্যান্টিবডির একটি মিশ্রণও জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছে এফডিএ। তবে রেজেনেরনের ওষুধটি কেবল এমন ব্যক্তিরা ব্যবহার করতে পারবে, যারা করোনা পজিটিভ শনাক্ত হয়েছে এবং এর উচ্চ ঝুঁকিতে আছে। হাসপাতালে ভর্তি বা অক্সিজেনের প্রয়োজন এমন রোগীদের ক্ষেত্রে রেজেনেরন ওষুধ ব্যবহারের অনুমোদন দেওয়া হয়নি।

রবিবার রেজেনেরন ফার্মাসিউটিক্যাল এক বিবৃতিতে জানিয়েছে, চলতি নভেম্বরের শেষ দিকে তারা প্রায় ৮০ হাজার রোগীর জন্য পর্যাপ্ত ওষুধ উত্পাদন করবে। এছাড়া জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ২ লাখ এবং জানুয়ারির শেষ দিকে ৩ লাখ রোগীর জন্য সংস্থাটি পর্যাপ্ত ওষুধ উত্পাদন করবে। 

মডার্নার ভ্যাকসিনের দাম হবে ২ হাজার ১২৫ থেকে ৩ হাজার ১৪৫ টাকা

মার্কিন কোম্পানি মডার্নার নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টেফানে বানসেল জানিয়েছেন, তাদের ভ্যাকসিনের প্রতি ডোজের দাম ২৫ থেকে ৩৭ ডলার (২ হাজার ১২৫ থেকে ৩ হাজার ১৪৫ টাকা) পড়বে। জার্মানির একটি গণমাধ্যমকে তিনি বলেন, এখনো কারো সঙ্গে কোনো চুক্তি হয়নি। তবে ইউরোপীয় কমিশনের (ইসি) সঙ্গে আমরা চুক্তির খুব কাছাকাছি রয়েছি। দামটা মূলত টিকার অর্ডারের ওপর নির্ভর করবে। ইসি মডার্নার সঙ্গে এমন চুক্তি করতে চাইছে, যাতে প্রতি ডোজ ভ্যাকসিনের দাম ২৫ ডলারের কম মূল্যে পাওয়া যাবে।

মডার্নার উদ্ভাবিত ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর বলে জানানো হয়েছে। এই ভ্যাকসিন এখনো জরুরি ব্যবহারের অনুমোদন পায়নি।