পান্থপথে তিতাস গ্যাসের লাইনে লিকেজ মেরামতের

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ০০:৩৩

রাজধানীর পান্থপথে গ্যাসের লাইনের লিকেজ মেরামত করতে গিয়ে বিস্ফোরণে তিতাস গ্যাসের তিন কর্মীসহ চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধ অপরজন পথচারী। গতকাল রবিবার সন্ধ্যার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতরা হলেন, আব্দুল্লাহ (৫৫), আজিম (৪০), রুহুল আমিন (৪০) এবং পথচারী জাফর (৩০)। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। প্রাথমিক চিকিত্সা শেষে ২ জনকে বাসায় পাঠিয়ে দিলেও আজিম ও রুহুল আমিনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

তিতাস গ্যাসের ধানমন্ডি জোনের টেকনিশিয়ান মির্জা রবিউল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে তারা খবর পান যে পান্থপথ থেকে গ্রিন রোডে ঢোকার মুখে মাটির নিচে থাকা গ্যাসের লাইনে সমস্যা হচ্ছে। খবর পেয়ে মেরামতের টিম পাঠানো হয়। টিমের সদস্যরা সেখানে গিয়ে দাঁড়ানো মাত্র বিস্ফোরণ ঘটে। এসময় তিতাসের তিনজন সদস্য ও এক জন পথচারী দগ্ধ হন।

তিনি আরো বলেন, বিস্ফোরণের ঘটনার পেছনে তিতাস গ্যাসের লাইনের লিকেজ নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল খান জানান, এ ঘটনায় দুজনকে ভর্তি নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের শরীরের ২৭ শতাংশ এবং আরেক জনের ৩০ শতাংশ পুড়ে গেছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।