বাগেরহাটে ট্রাকের ধাক্কায় ট্রাক সহকারী নিহত

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২১:১১

বাগেরহাট প্রতিনিধি

রামপালে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের সহকারী আব্দুর রহিম (১৭) নিহত হয়েছেন। এসময় ট্রাক চালক শামীম শেখ (৩০) আহত হন। বুধবার সকালে খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাটের রামপাল উপজেলার কদমদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  নিহত আব্দুর রহিম (১৭) গোপালগঞ্জ সদর উপজেলার বলাকৈড় গ্রামের শান্ত মোল্লার ছেলে।

বাগেরহাট মহাসড়ক পুলিশের কাটাখালী থানার উপ পরিদর্শক (এসআই) মলায়েন্দ্র নাথ রায় বলেন, বুধবার সকালে গোপালগঞ্জ থেকে মংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি প্লাস্টিকের ব্যারেল বোঝাই ট্রাক মহাসড়কের কদমদী এলাকায় পৌছে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের বাপাশে বসে থাকা চালকের সহকারী আব্দুর রহিম আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।