অবাক পৃথিবী

এরিয়া ৫১

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১৮:৫৬

 

যুক্তরাষ্ট্রের নেভাদায় অবস্থিত এরিয়া ৫১ নিয়ে সারা বিশ্বের মানুষের কৌতূহলের শেষ নেই। মূলত এরিয়া ৫১ মার্কিন সামরিক ঘাঁটি এবং পৃথিবীর সবচেয়ে কঠোর নিরাপত্তা বেষ্টিত এলাকাগুলোর একটি। ২৬,০০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এরিয়া ৫১-র সীমানায় প্রবেশকারী বহিরাগত যে কাউকে সরাসরি গুলি করার নির্দেশ রয়েছে। এই ঘাঁটি এতটাই গোপনীয় যে, ২০১৩ সালের আগ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এর অস্তিত্ব পর্যন্ত স্বীকার করেনি। এখানে কর্মরতদের পরিচয় সম্পর্কে বাইরে কেউ কিছু জানে না। এরিয়া ৫১-র ভেতরে যেসব স্থাপনা রয়েছে তার সুস্পষ্ট কোনো ছবি পাওয়া যেত না। পরবর্তী সময়ে নাসার ল্যান্ডস্যাট ৭ উপগ্রহের সাহায্যে এরিয়া ৫১-র ছবি তোলা হয়, তাতে দেখতে পাওয়া যায়—এর ভেতরে সাতটি রানওয়ে, বড় বড় গুদাম ঘর, আবাসিক এলাকা, ফায়ার স্টেশন, বিশাল আকারের পানির ট্যাংক, বিমান চলাচল নিয়ন্ত্রণ আর যোগাযোগের জন্য বেশ কয়েকটি স্যাটেলাইট ডিশ। সাধারণ মানুষের ধারণা এই নিরাপত্তা বেষ্টিত এলাকায় এলিয়েনদের নিয়ে গবেষণা করা হয় এবং এলিয়েনদের সহায়তায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে মার্কিন সামরিক বাহিনী অত্যাধুনিক মারণাস্ত্র এবং সামরিক বিমান তৈরি করে থাকে। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রকাশিত নথিতে জানানো হয়েছে, শুধুমাত্র  বিমানের পরীক্ষা-নিরীক্ষার জন্য ১৯৫৫ সালে নেভাদার জনশূন্য মরুভূমিতে এরিয়া ৫১-র জায়গাটি বেছে নেওয়া হয়।