এই সময়ে শরীরে উষ্ণতা আনতে গরম স্যুপের বিকল্প নেই। সেই সঙ্গে নানা স্বাদের স্যুপ খেতেও বেশ মজা। ভিন্ন স্বাদের স্যুপ নিয়ে এবারের আয়োজন
টমেটো এগ ড্রপ স্যুপ
উপকরণ :টমেটো ৩টি, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, ডিম ২টি, চিকেন স্টক ৫ কাপ, বাটার বা তেল ১ টেবিল চামচ, পেঁয়াজ ভাঁজ খোলা সিকিকাপ, ধনেপাতা বা সেলারি পাতা পরিমাণমতো, লেবুর রস ১ টেবিল চামচ, ভিনেগার ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, টমেটো সস ৩ টেবিল চামচ, টমেটো পিউরি ২ টেবিল চামচ, চিনি স্বাদমতো, লবণ পরিমাণমতো, রসুন কুচি ২ চা চামচ, টেস্টিং সল্ট আধা চা চামচ, চিলি সস ১ চা চামচ।
প্রণালি :ডিম ফেটে রাখুন। এবার একটি স্যুপের হাঁড়িতে তেল দিয়ে রসুন কুচি, ভাঁজ খোলা পেঁয়াজ ও কিউব করে কেটে রাখা টেমেটো দিয়ে নেড়ে টমেটো পিউরি দিন। তারপর চিকেন স্টক দিন। কর্নফ্লাওয়ার ও গোল মরিচ গুঁড়া গুলে দিন। এবার ফেটানো ডিম দিন বলক এলে। তারপর টমেটো সস, লেবুর রস, ভিনেগার, চিনি, টেস্টিং সল্ট, চিলি সস দিয়ে ২/৩ মিনিট পর নামিয়ে নিন। এবার স্যুপের বাটিতে ঢেলে ধনে পাতা দিয়ে পরিবেশন করুন মজাদার টমেটো এগ ড্রপ স্যুপ।
ক্যাবেজ চিকেন স্যুপ
উপকরণ :বাঁধাকপি কুঁচি ১ কাপ, চিকেন ছোট করে কাটা ১ কাপ, পেঁয়াজ রিং করে কাটা ১টি, কাঁচামরিচ কুঁচি ২ চা চামচ, সয়াসস ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, আদা কুঁচি ১ চা চামচ, লবণ পরিমাণমতো, গোলমরিচ গুঁড়া ১ চামচ, চিকেন স্টক ২ কাপ, বাটার ১ চা চামচ, ধনেপাতা ইচ্ছামতো, কাঁচামরিচ কুঁচি ইচ্ছামতো, গাজর কুঁচি ইচ্ছামতো।
প্রণালি :প্যানে বাটার দিয়ে তাতে চিকেন ভেজে নিন। এবার চিকেন স্টকে বাঁধাকপিসহ একে একে সব উপকরণ দিয়ে ভালো করে রান্না করুন। চিকেন দিয়ে দিন, সব সিদ্ধ হয়ে গেলে লেবুর রস, ধনেপাতা দিয়ে নামিয়ে নিন।
