অর্থনৈতিক পুনরুদ্ধারে প্রণোদনার অবদান নিয়ে সিরিজ মতবিনিময় করবে অর্থ মন্ত্রণালয়

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২১:০৬

অর্থনৈতিক পুনরুদ্ধারে প্রণোদনার অবদান নিয়ে সিরিজ মতবিনিময়ের আয়োজন করেছে অর্থ মন্ত্রণালয়। প্রণোদনা কর্মসূচির বিভিন্ন দিক ও দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে এর অবদান বিষয়ে সর্বমহলে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে। সোমবার অর্থমন্ত্রণালয়ের অর্থবিভাগ থেকে জানানো হয়েছে, দেশের প্রথিতযশা অর্থনীতিবিদ, গবেষক, উন্নয়ন সহযোগী বহুজাতিক সংস্থার ঢাকায় মিশনপ্রধান এবং দ্বিপাক্ষিক উন্নয়নসহযোগী রাষ্ট্রসমূহের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতগণ উপস্থিত থাকবেন। প্রথম মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হবে আগামী ২৬ নভেম্বর। সভার প্রতিপাদ্য ‘কর্মসংস্থান টিকিয়ে রাখা এবং অর্থনীতির সামগ্রিক চাহিদা ও সরবরাহব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা’। এতে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ৩ ডিসেম্বর দ্বিতীয় মতবিনিময় সভার প্রতিপাদ্য ‘কর্মসৃজন ও গ্রামীণ অর্থনীতির পুনরুজ্জীবন’। এতে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তৃতীয় মতবিনিময় সভাটি হবে ১০ ডিসেম্বর। এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘সামাজিক সুরক্ষার আওতা সম্প্রসারণ ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ’। এতে প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

অর্থবিভাগ উল্লেখ করেছে, কোভিড-১৯ থেকে উদ্ভূত সংকট মোকাবিলা ও ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করে দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধান ও নির্দেশনায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি একটি সামগ্রিক কর্মপন্থা নির্ধারণ করা হয়েছে। এর আওতায় সামাজিক সুরক্ষা ও অর্থনৈতিক পুনরুদ্ধার সংবলিত মোট ১ লাখ ২১ হাজার ৩৫৩ কোটি টাকার ২১টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যার বাস্তবায়ন বর্তমানে চলমান রয়েছে। প্রণোদনা কর্মসূচির বিভিন্ন দিক ও দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে এর অবদান বিষয়ে সর্বমহলে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অর্থ বিভাগ এই সিরিজ আলোচনার উদ্যোগ নিয়েছে।