পোশাক প্রস্তুতকারকদের ডিজিটাল উপস্থিতি বাড়াতে বিজিএমইএর সঙ্গে সেরাইয়ের উদ্যোগ

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২১:০৭

বিশ্ব বাজারে বৃহত্ শেয়ার পেতে পোশাক প্রস্তুতকারকদের সহায়তা প্রদানের লক্ষ্যে বিজিএমইএর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি দেশের রপ্তানি খাতের শীর্ষস্থানীয়দের জন্য ডিজিটাল প্রোফাইল তৈরির একটি উদ্যোগে আর্থিক সহায়তা দিচ্ছে এইচএসবিসির সেরাই লিমিটেড। উদ্যোগটি স্থানীয় প্রস্তুতকারকদের বিনা খরচে ঢাকার ডিজিটাল এজেন্সিগুলোর সঙ্গে যুক্ত করে দিবে, যারা ব্যবসায় সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় মার্কেটিং অ্যাসেট তৈরি করে দিবে। সেরাই ও বিজিএমইএ বিশ্বাস করে, যদি স্থানীয় প্রস্তুতকারকরা অনলাইন প্ল্যাটফরম ব্যবহার করে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে নিজেদের পণ্য, সামর্থ্য ও পরিচয় তুলে ধরতে পারেন, তাহলে তৈরি পোশাক রপ্তানির বিশ্ব বাজারে বাংলাদেশের জন্য অপার সম্ভাবনা রয়েছে। অনলাইনে শক্তিশালী ও কার্যকর অবস্থান তৈরির জন্য এজেন্সিগুলো প্রয়োজনীয় প্রমোশনাল অ্যাসেট—যেমন পণ্য, সুযোগ-সুবিধা, কাপড়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আইটেমের ভিডিও এবং ছবি তৈরি করে দিবে। ডিজিটাল অ্যাসেট তৈরির পাশাপাশি সেরাইয়ের প্ল্যাটফরমে অনলাইন প্রোফাইল তৈরিতে কপিরাইট সহায়তাও দিবে এসব এজেন্সি। সেরাই লিমিটেডের সিইও ভিভেক রামচন্দ্র বলেন, বর্তমান অস্থিতিশীল পোশাকের বাজারে বাংলাদেশের জন্য বড় শেয়ার লাভের সম্ভাবনা তৈরি হয়েছে, যা ডিজিটাইজেশনের মাধ্যমেই অর্জন করা সম্ভব। ডিবিএল গ্রুপ ও ভিয়েলাটেক্সসহ ইতিমধ্যে ২৫০টিরও বেশি বাংলাদেশি প্রস্তুতকারক প্রতিষ্ঠান সেরাই প্ল্যাটফরমে যুক্ত হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি