বেড়ায় সাথি ফসলের সঙ্গে পেঁয়াজ আবাদে ঝুঁকছে কৃষক

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২০:৩২

রতন কুমার আচার্য্য, বেড়া (পাবনা) সংবাদদাতা

আগের বার ভালো দাম পাওয়ায় পাবনার বেড়া উপজেলায় কৃষকদের মধ্যে আগাম জাতের পেঁয়াজ আবাদের ধুম পড়ে গেছে। তবে অনেক কৃষকই এবার পেঁয়াজ আবাদ করছেন একই জমিতে অন্য ফসলের সঙ্গে। এভাবে কৃষকেরা পেঁয়াজের সঙ্গে সাথি ফসল হিসেবে ঘাস, যব, বাঙ্গি, পটোল, ফুলকপি, ধনেপাতাসহ বিভিন্ন ফসল জমিতে লাগিয়ে দ্বিগুণ লাভ পাচ্ছেন বলে জানা গেছে।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, এ উপজেলায় এবার ৫ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ১০০ হেক্টর জমিতে আগাম বা মূলকাটা জাতের পেঁয়াজের আবাদ হবে। বেড়ায় সাধারণত নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে আগাম জাতের পেঁয়াজের আবাদ শুরু হয়ে থাকে। কিন্তু এবার পেঁয়াজের বাজার ভালো দেখে কৃষকেরা নির্ধারিত সময়ের সপ্তাহখানেক আগে থেকেই আগাম জাতের পেঁয়াজের আবাদ শুরু করেছেন।

কৃষকেরা জানান, এ উপজেলায় একই জমিতে আগাম জাতের পেঁয়াজের সঙ্গে অন্য ফসলের আবাদ শুরু হয় সাত-আট বছর আগে। ঐ সময় পেঁয়াজ চাষে কৃষকদের লাভ থাকত খুব কম। তাই কৃষকেরা লাভ বাড়ানোর জন্য পেঁয়াজের সঙ্গে অন্য ফসলের আবাদ শুরু করেন। উপজেলার চাকলা গ্রামের ফসলের মাঠে শ্রমিকদের নিয়ে এক বিঘা জমিতে একই সঙ্গে ঘাস ও পেঁয়াজ লাগাচ্ছিলেন নজরুল ইসলাম। এই পদ্ধতির আবাদ সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, আগে এই জমিতে তিনি এই সময়ে শুধু ঘাস চাষ করতেন। গত বছর থেকে ঘাসের সঙ্গে পেঁয়াজ আবাদ শুরু করেছেন। এভাবে পেঁয়াজ আবাদ করে ঘাসের ফলনে কোনো ক্ষতি তো হয়ইনি বরং উপরি হিসেবে তিনি এক বিঘা জমি থেকে গত বছর ৪৫ মণ পেঁয়াজ পেয়েছেন। অবশ্য এজন্য পেঁয়াজের বীজসহ অন্যান্য বাবদ তার ১৫ থেকে ২০ হাজার টাকা অতিরিক্ত খরচ হয়েছে। ফলে সব বাদ দিয়ে তার শুধু পেঁয়াজ থেকেই ৮০ হাজার টাকার বেশি লাভ হয়েছে।

উপজেলার বড়শিলা গ্রামের ফসলের মাঠে গিয়ে দেখা যায়, দুই দিন আগে যে জমিতে যবের বীজ ছিটানো হয়েছে সেই জমিতেই আগাম জাতের পেঁয়াজ লাগাচ্ছেন লালচাঁদ মিয়া। বিষয়টি ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘যবের চাইতে পেঁয়াজ তাড়াতাড়ি বাড়ে। তিন মাসের আগেই জমির থ্যা সব পেঁয়াজ তুইল্যা ফেলা হবি। এই সময়ের মধ্যে যবগাছ এক থেকে দেড় ফুটের মতো লম্বা হবি। তাই যবের জন্য পেঁয়াজের বা পেঁয়াজের জন্য যবের কোনো ক্ষতি হবি না। এতে এক যাত্রায় ডবল লাভ।’ উপজেলা কৃষি কর্মকর্তা মশকর আলী বলেন, পেঁয়াজের সঙ্গে সাথি ফসল আবাদে কৃষকের আগ্রহ দিন দিন বাড়ছে। আমরাও এ ব্যাপারে কৃষকদের উদ্বুদ্ধ করছি। আমাদের পক্ষ থেকে এ বিষয়ে সার্বিক সহযোগিতা পাবে কৃষকেরা।