বাগমারায় বীজ আলুর সংকটে চাষিরা

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২১:১১

বাগমারা (রাজশাহী) সংবাদদাতা

বাগমারায় চলতি মৌসুমে আলুর দাম ভালো পাওয়ায় আবাদে আগ্রহ বাড়ছে কৃষকের মধ্যে। কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বীজ আলু সংকটে লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। এ বছর উপজেলায় ১৭ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে। তবে এবার আলু চাষের এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে বলে জানান উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুর রহমান। তার মতে, এবার কৃষক ও আলু ব্যবসায়ীরা আলুর দামে ব্যাপক লাভবান হয়েছেন। সেজন্য তারা আরো অধিক পরিমাণ জমিতে আলু চাষে আগ্রহী হয়ে উঠেছেন। মাড়িয়ার কৃষক লুত্ফর রহমান জানান, অধিক লাভের আশায় তিনি প্রতি বছরই আগাম আলু চাষ করে থাকেন। এবারও দুই বিঘা জমিতে আগাম আলু চাষ করেছেন। তবে আলু চাষের ভরা মৌসুমে বীজ আলুর সংকটের কারণে লক্ষ্যমাত্রা কিছুটা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছে আলু চাষিরা। খামারা গ্রামের আলু চাষি মঞ্জুরুল ইসলাম ও রফিকুল ইসলামসহ অনেকে জানান, এবার পর পর তিন দফায় বন্যর কারণে বিভিন্ন সবজি পানিতে ডুবে যাওয়ায় চাপ পড়ে আলুর ওপর। ফলে আলু দাম ব্যাপক বেড়ে যাওয়ায় কৃষকরা বাড়তি দামে তাদের মজুতকৃত আলুগুলো বিক্রি করে দেয়। ফলে এখন বীজ আলুর চরম সংকট দেখা দিয়েছে। তাদের মতে, আলু চাষের ভরা মৌসুমে অন্যান্য জেলা থেকে কী পরিমাণ বীজ আলু আসে সেটা দেখার বিষয়। এছাড়া বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ও ব্র্যাকের বীজ আলুর দিকে তাকিয়ে আছে কৃষক।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুর রহমান জানান, এখন কেবল উঁচু জমিতে সীমিত পরিসরে কৃষকরা বীজ আলু রোপণ করছে। বীজ রোপণের ভরা মৌসুম এখনো কয়েক সপ্তাহ বাকি। কৃষকরা এখন সার কিনে মজুত করছেন। তারা সময়মত বীজ আলুও পেয়ে যাবেন।