খুলনা অফিস
খুলনায় ভ্যানচালক ইমরান সরদার হত্যা মামলায় আদালত নিহতের শ্যালিকার প্রেমিক আমীর আলী মীর ওরফে কাউসারকে ৩০২ ধারায় মৃত্যুদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা এবং ৩৭৯ ধারায় দুই বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছে। সোমবার দুপরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত কাউসার তেরখাদা উপজেলার বারাসাত গ্রামের আফসার আলী মীরের ছেলে। আদালত সূত্র জানায়, রূপসা উপজেলার শ্রীফলতলা গ্রামের ইউসুফ সরদারের ছেলে ভ্যানচালক ইমরান সরদারের শ্যালিকা লতার সঙ্গে পার্শ্ববর্তী তেরখাদা উপজেলার কাউসারের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনাটি ইমরান জানতে পেরে কাউসারকে শ্যালিকার সঙ্গে প্রেম করতে বাধা দেয়। এতে সে ইমরানের ওপর ক্ষুব্ধ হয়। ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি নন্দনপুর-জোয়ালবাঁধাল রাস্তার পার্শ্ববর্তী একটি সুপারি বাগান থেকে ইমরানের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা ইউসুফ সরদার বাদী হয়ে রূপসা থানায় হত্যা মামলা দায়ের করেন।
