নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা
নিয়ামতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। ঘটনাটি সোমবার সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের পিরপুকুরিয়া গ্রামে ঘটে। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে। এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার রসুলপুর ইউনিয়নের পিরপুকুরিয়া গ্রামের নূরুল ইসলামের সঙ্গে তার চাচাতো ভাই আবুল কালাম আজাদের পুকুরে গরুকে গোসল করা নিয়ে পূর্ববিরোধ ছিল। সোমবার সকাল ৯টার দিকে পাকা রাস্তার মোড়ে আবুল কালাম আজদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল কালাম আজাদ ও তার ছেলেসহ আরো কয়েক জন মিলে নূরুল ইসলামকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করলে নূরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়ে এবং সেখানেই তার মৃত্যু হয়। নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বদরুল আলম ও সুমনকে আটক করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
