বাকেরগঞ্জ পৌরসভায় ভোট ২৮ ডিসেম্বর

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২১:১৫

বাকেরগঞ্জ  (বরিশাল) সংবাদদাতা

বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর ২০২০ প্রথম ধাপে বাকেরগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার বিকালে নির্বাচন কমিশন সিনিয়র সচিব মো. আলমগীর তফসিল ঘোষণা করেন। সে অনুযায়ী বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় তথ্যটি নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জাতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে জানিয়েছেন, আগামী ২৮ ডিসেম্বর দেশের ২৫টি পৌরসভায় ইভিএমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী ঘোষিত পৌরসভাসমূহের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর ও ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমান জানান, নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। এছাড়াও নিয়ম অনুযায়ী জেলা প্রশাসনই আপিল কর্তৃপক্ষ থাকবেন।