স্পোর্টস রিপোর্টার
কাতারে বাংলাদেশ ফুটবল দলের ক্যাম্পেও বাদল রায়ের মৃত্যুর শোক। খেলোয়াড় কর্মকর্তারা শোকাহত। বাদল রায়ের প্রতিশ্রদ্ধা জানাতে অনুশীলনে নামার আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। দলের সফর সঙ্গী মামুনুল ইসলাম বাদল রায়ের প্রতিশ্রদ্ধা জানিয়ে বলেন, ‘আমরা বাদল দার মৃত্যুর খবরটি শোনার পর আমরা সব প্লেয়ার শোকাহত। আমরা এমন একজন মানুষ হারিয়েছি যিনি একজন বড় ভাইয়ের মতো, অভিভাবকের মতো। আমরা দীর্ঘদিন বাদল দার ম্যানেজমেন্টে ছিলাম। উনি আমাদের অনেক দেখাতেন একজন ভালো ফুটবলার হতে হলে কি করতে হয়। দোয়া করেছি ওপারে দাদা ভালো থাকুক। তার পরিবারের জন্য আমাদের দোয়া থাকবে।’
কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ৪ ডিসেম্বর। কাতারে অনুশীলন করছে জাতীয় ফুটবল দল। খেলোয়াড়দের কাল ইয়োইয়ো টেস্ট করানো হয়েছে। এটিও এক ধরনের ফিটনেস ট্রেনিং। কার কি অবস্থা তা জানতে ইয়োইয়ো টেস্ট করানো হয়েছে। ক্রিকেটারদের ইয়োইয়ো টেস্ট করানোর কথা থাকলেও সেটি করানো হয়নি। তবে ফুটবলে সেটি করে ফেলল। কুপার টেস্টের পর বিপ টেস্ট করানো হয়েছিল। ইয়োইয়ো টেস্ট অনেকটা বিপ টেস্টের মতোই। বিপ টেস্টের টানা ২০ মিনিট দৌড়াতে হয়। ইয়োইয়ো টেস্টে মধ্যে বিরতি আছে কয়েক সেকেন্ড। ফিটনেস কোচ ইভান খেলোয়াড়দের ইয়োইয়ো টেস্টে খুশি।
ফুটবলাররা ইয়োইয়ো টেস্ট করিয়ে জিমে গেছে। অনুশীলন করেছে। দিনে দিনে তাদের অনুশীলনের সময়টাও বাড়ছে। কোচিং স্টাফদের একজন সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার কাতারে গিয়ে করোনা টেস্টের জন্য নমুনা দিয়েছেন। নেগেটিভ হলে অনুশীলনে নামতে পারবেন।
ফুটবল দল এখন নিজেরা অনুশীলন করছে, আগামী ২৫ নভেম্বর সেখানে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে। ২৮ নভেম্বর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। ফুটবলাদের উত্সাহ দিতে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন, সহসভাপতি আতাউর রহমান মানিক এবং কাজী নাবিল কাতার যাবেন।
