ইব্রা জাদুতে শীর্ষে মিলান লিভারপুলের রেকর্ড

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২১:৩১

ইউরোপিয়ান ফুটবল

স্পোর্টস ডেস্ক

জ্লাতান ইব্রাহিমোভিচ চলতি মৌসুমে ছুটছেন দুরন্ত বেগে। ছয়টি লিগ ম্যাচে করেছেন দশ গোল। তার শেষ দুটো এসেছে রবিবার রাতে, শিরোপার অন্যতম দাবীদার ন্যাপোলির বিপক্ষে। তাতে ভর করে ন্যাপোলিতানদের ৩-১ ব্যবধানে হারিয়ে তাদের মাঠে দশ বছর পর প্রথম জয় তুলে নিয়েছে এসি মিলান। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল পেয়েছে দারুণ এক রেকর্ডের স্বাদ। লেস্টারকে ৩-০ ব্যবধানে হারিয়ে ঘরের মাঠে টানা ৬৪ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়েছে কোচ য়ুর্গেন ক্লপের শিষ্যরা।

ন্যাপোলির মাঠে ইব্রার প্রথম গোলটি আসে ম্যাচের ২০ মিনিটে। কর্নার থেকে দারুণ এক হেডে দলকে এগিয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে পান দ্বিতীয় গোলটি। ৬৩ মিনিটে ড্রাইস মের্তেন্সের গোল স্বাগতিকদের প্রত্যাবর্তনের স্বপ্ন দেখালেও এর মিনিট দুয়েক পরই টিমো বাকায়োকোর লাল কার্ডে কাজটা কঠিনই হয়ে পড়ে। অন্তিম মূহুর্তে পেটার হগের গোলে ৩-১ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে মিলান।

তবু দলটিতে কিছুটা শঙ্কা ভর করেছে ইব্রার চোটে। বাঁ পায়ের চোট কতোটা গুরুতর সেটা জানা যাবে আজ পরীক্ষার ফল পাওয়ার পর। এ জয় অবশ্য মিলানকে পাইয়ে দিয়েছে ভুলতে বসা এক স্বাদ, প্রায় দশ বছর পর ন্যাপোলি-জয়। সিরি’আর শীর্ষেও আছে দলটি। কোচ দানিয়েলে বনেরা তবুও শিরোপা ভাবনাকে মাথায় আনতে নারাজ, ‘আমরা টেবিলের শীর্ষেই থাকতে চাই। তবে মাত্র আট ম্যাচ শেষ হয়েছে, এখনই আনন্দে উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই।’

এদিকে চোট আর করোনাজর্জর লিভারপুল দিয়েগো জোতা ও রবার্তো ফিরমিনোর গোলে লেস্টারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। এর ফলে নিজেদের ক্লাব রেকর্ডই ভেঙেছে ক্লপের শিষ্যরা। ঘরের মাঠে ৬৩ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটি ছিলো ১৯৮১ সালের, যা থেমেছিলো এই লেস্টারের কাছে হেরেই। রবিবার রাতে সে লেস্টারকে হারিয়েই কীর্তিটি টপকে যান রবার্তো ফিরমিনোরা।