মেসিকে ছাড়াই ইউক্রেনে বার্সা

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২১:৩১

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগ পুনরুদ্ধারের মিশনে আজ রাতে বার্সেলোনার প্রতিপক্ষ ডায়নামো কিয়েভ। তবে ম্যাচটির আগে কাতালান শিবিরে জেঁকে বসেছে চোট-সমস্যা। পূর্ব ইউরোপীয় প্রতিপক্ষের সামনে আজ দলটিকে দাঁড়াবার আগে কোচ রোনাল্ড কোম্যানের হাতে আছেন মোটে একজন সেন্টারব্যাক। এরপরও অধিনায়ক লিওনেল মেসি ও ফ্রেঙ্কি ডি ইয়ংকে ম্যাচের স্কোয়াডেই রাখেননি বার্সা কোচ। দিনের অন্য সব ম্যাচে ফেভারিট জুভেন্তাস, পিএসজি ও ইংলিশ দুই দল চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডও মাঠে নামছে।

চোট সমস্যা মৌসুমের শুরু থেকেই মাঠের বাইরে এক ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি। পরে এতে যোগ হয়েছেন রোনাল্ড আরাউহোও। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে সর্বশেষ লিগ ম্যাচে ছিটকে গেছেন জেরার্ড পিকে, যার ফলে একমাত্র ডিফেন্ডার হিসেবে দলে টিকে আছেন এক ক্লেমেন্ত লংলে।

আপতকালীন ডিফেন্ডার হিসেবে অভিজ্ঞতা আছে মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং আর সার্জি রবার্তোর। তবে চোটের কারণে নেই রবার্তো, আর ডি ইয়ংকে রাখা হয়নি স্কোয়াডেই।

বার্সার সমস্যা যে কেবল রক্ষণেই, ব্যাপারটা মোটেও তা নয়। আক্রমণে পরীক্ষিত সবাই থাকলেও শেষ কয়েক ম্যাচে রীতিমতো নিষ্ফলা অ্যান্টোয়ান গ্রিজমান ও ফেলিপে কোটিনহোরা। তাদের ছাপিয়ে চলতি মৌসুমে নৈপুণ্য দেখানো আনসুমান ফাতিও চোট নিয়ে আছেন মাঠের বাইরে। এর ওপর অধিনায়ক লিওনেল মেসিকেও বিশ্রাম দেয়া হয়েছে আজকের ম্যাচে। শেষ কয়েকদিনে ঠাসবুনোটের সূচীর হ্যাপা সামলানোর কারণেই মূলত বিশ্রাম দিতে দুজনকে স্কোয়াডে রাখা হয়নি, জানান বার্সার ডাচ কোচ।

এতো সব অনুপস্থিতি নিয়েই আজ প্রতিযোগিতার ‘জি’ গ্রুপে কিয়েভের মুখোমুখি হবে ‘ব্লাউগ্রানা’রা। আপাতদৃষ্টিতে সহজ প্রতিপক্ষ মনে হলেও চোখরাঙানি দিচ্ছে শেষ ক’বছরে প্রতিপক্ষের মাঠে দলটির ফলাফল। ফলে কিয়েভের মাঠে বড় পরীক্ষাই অপেক্ষা করছে মেসিদের জন্য।

কোম্যানের শিষ্যরা পা হড়কালে সে সুযোগ নেওয়ার জন্য তক্কে তক্কে থাকবে দলটির গ্রুপসঙ্গী জুভেন্তাস। নিজেদের মাঠে আজ ফেরেঙ্কভারোসকে আতিথ্য দেবেন ক্রিশ্চিয়ানো রোনালদোরা।

এদিকে ‘এইচ’ গ্রুপে পিএসজি আতিথ্য দেবে রাজেন বলস্পোর্ট লিপজিগকে। চোট কাটিয়ে নেইমারের শুরুর একাদশে ফেরার সম্ভাবনা আজ প্রবল। গ্রুপের অন্য ম্যাচে ম্যানইউ খেলবে ইস্তানবুলের বিপক্ষে।

‘ই’ ও ‘এফ’ গ্রুপেও আজ তুলনামূলক সহজ প্রতিপক্ষ বড় দলগুলোর সামনে। ‘ই’ গ্রুপে সেভিয়া খেলবে ক্রাসনোদারের মাঠে, চেলসি নেবে রেনের আতিথ্য। ‘এফ’ গ্রুপে বরুসিয়া ও ল্যাজিও খেলবে যথাক্রমে ক্লাব ব্রুজ ও জেনিথের বিপক্ষে।

আজকের খেলা

ক্রাসনোদার              সেভিয়া

রেনে                       চেলসি

ল্যাজিও                   জেনিথ

বরুসিয়া ডর্টমুন্ড         ক্লাব ব্রুজ

জুভেন্তাস                  ফেরেঙ্কভারোস

ডায়নামো কিয়েভ       বার্সেলোনা

পিএসজি                  আরবি লিপজিগ

ম্যানইউ                   ইস্তানবুল