রানা প্লাজার সোহেল রানার জামিন স্থগিতই থাকছে

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২২:৩৫

ইত্তেফাক রিপোর্ট

অবৈধ সম্পদের মামলায় সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন স্থগিতই থাকছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন স্থগিত থাকার আদেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল এই আদেশ দেন।

গত ৮ জুন হাইকোর্ট সোহেল রানার জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে। দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক উপস্থিত ছিলেন। সোহেল রানার পক্ষে ছিলেন মো. আলমগীর হোসেন।

দুদক কৌঁসুলি জানান, করোনাকালে গত ১৭ মে সোহেল রানাকে জামিন দেয় বিশেষ জজ আদালত। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে দুদক। গত ৮ জুন হাইকোর্ট সোহেল রানার জামিন বাতিল প্রশ্নে রুল জারি করে। একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিশেষ আদালতের দেওয়া জামিন স্থগিত করে দেয়। সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর অবৈধ সম্পদের মামলা করে দুদক।