ইত্তেফাক রিপোর্ট
ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল বলেছেন, মূর্তি ও ভাস্কর্যের মধ্যে বিরোধ সৃষ্টি করা বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। কিছু আলেম দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে অন্য কোনো পক্ষের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে। এজন্য তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যকে মূর্তির সঙ্গে তুলনা করার ধৃষ্টতা দেখাচ্ছেন। গতকাল কলাবাগানে নিজের কার্যালয়ে অনুষ্ঠিত দলের এক সভায় তিনি একথা বলেন। এ সময় দলের মহাসচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
এম এ আউয়াল বলেন, মূর্তি হচ্ছে হিন্দুধর্মাবলম্বীদের উপাসনার অংশ, ভাস্কর্য সভ্যতার ধারাবিবরণী। মুসলিম সভ্যতাসহ পৃথিবীর বিভিন্ন সভ্যতার একটি বড় নিদর্শন মানুষের সামনে উন্মোচিত হয়েছে ভাস্কর্য-শিল্পের মধ্য দিয়ে। যারা আধুনিক পৃথিবীর শিক্ষা ও শিল্পকলা সম্পর্কে অজ্ঞাত, তাদের ব্যবহার করেই এই ষড়যন্ত্র করা হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে কয়েক জন আলেমের হুমকি-ধামকির প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের সৃষ্টি যার হাত ধরে, দেশের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য যার প্রাণ নিবেদিত, তার ভাস্কর্যকে মূর্তির সঙ্গে তুলনা করা মানে বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধকে অবমাননা করা। ষড়যন্ত্রকারীদের সঙ্গে তালেবানদের সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
