ইত্তেফাক রিপোর্ট
বেওয়ারিশ কুকুর নিধনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে দায়েরকৃত রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশিষ ভট্টাচার্য্য জানান, ডিএসসিসি এখন আর কুকুর অপসারণ করছে না। একটা আন্তঃমন্ত্রণালয় সভা হওয়ার কথা, সে সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে। মেয়রের সঙ্গে কথা বলে অ্যাটর্নি জেনারেল বিষয়টি আদালতকে জানিয়েছেন। এরপর আদালত রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছে।
বেওয়ারিশ কুকুর নিধন বন্ধে গত ১৭ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন অভিনেত্রী জয়া আহসান ও প্রাণীদের অধিকার নিয়ে কাজ করা দুইটি সংগঠন অভয়ারণ্য ও পিপলস ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার। রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সাকিব মাহবুব।
