রূপগঞ্জে চাঁদা না দেওয়ায় মাদ্রাসায় হামলা, ভাঙচুর

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২২:৩৭

টাকাসহ মালামাল লুটপাট, আহত ৫

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

দাবিকৃত চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা রূপগঞ্জ উপজেলার একটি মাদ্রাসায় হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। গতকাল দাউদপুর ইউনিয়নের বীরহাটাবো আল-জামিয়া আস্সালাফিয়া কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ সময় মাদ্রাসার উপাধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারীসহ পাঁচ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদ্রাসার উপাধ্যক্ষ আরমান সরকার জানান, দীর্ঘদিন ধরে দাউদপুর ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী আবু তালেব মাদ্রাসার অধ্যক্ষ ও তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। কিছুদিন আগে শিক্ষকদের জিম্মি করে ১০ হাজার টাকা আদায় করে নেয় তারা। দাবিকৃত বাকি টাকা আদায়ের জন্য গতকাল সকালে সন্ত্রাসীরা মাদ্রাসা অফিসে এসে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের ওপর চাপ দেয়। তারা টাকা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা প্রথমে চলে যায়। পরে আবার আবু তালেব ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মাদ্রাসা অফিসে হামলা চালায়। এ সময় তারা এলোপাতাড়ি মারধর, ভাঙচুর ছাড়াও শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত বেতনের নগদ টাকাসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। রূপগঞ্জ থানার ওসি মাহমুুদুল হাসান বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার প্রস্তুতি চলছে। পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতারে তত্পর রয়েছে।