ক্ষমতায় যেতে ওত পেতে থাকা বিএনপির অভ্যাস --------ওবায়দুল কাদের

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২২:৩৯

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় যেতে ওত পেতে থাকা বিএনপির জন্মগত অভ্যাস। তারা মুখে প্রকাশ্যে গণতন্ত্রের কথা বলে এবং গোপনে অগণতান্ত্রিক চর্চা করে। কিন্তু এতে কোনো ফল আসবে না। গতকাল সোমবার নিজ নির্বাচনি এলাকা কোম্পানীগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও অসচ্ছল, ত্যাগী এবং প্রয়াত নেতাকর্মীদের পরিবারের মধ্যে অনুদান বিতরণ ও প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। রাজধানীর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, তাই ক্ষমতার অপব্যবহার করবেন না। অসচ্ছল ও অসুস্থ লোক যে দলেরই হোক তাদের সব সময় সাহায্য-সহযোগিতা করবেন। আমার নির্বাচনি এলাকায় নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যেই প্রায় সবকিছুই পূরণ করা হয়েছে, প্রতিটি ঘরে বিদ্যুত্ পৌঁছে গেছে এবং গ্যাস সরবরাহ শিগিগরই দেওয়া হবে।

সেতুমন্ত্রী বলেন, ফেনী-চৌমুহনী-সোনাপুর চার লেন প্রকল্প চলমান রয়েছে এবং রেল যোগাযোগ আরো উন্নত করতে নেওয়া হচ্ছে পরিকল্পনা। দাগনভূঞা-বসুরহাট-কবিরহাট-সোনাপুর সড়ক প্রশস্তকরণ ছাড়াও কবিরহাট-সোনাপুর সড়কের বাঁক সরলীকরণ করা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্লজ্জভাবে বলে তারা নাকি আগুন সন্ত্রাসে বিশ্বাসী নয়। গান পাউডার দিয়ে মানুষ পোড়ানো বিএনপির অপরাজনীতির ধারাবাহিকতা। তিনি বলেন, এখনো সময় আছে আগুন নিয়ে খেলবেন না।

কোম্পানীগঞ্জ প্রান্তে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নূরনবী চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন এবং বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।