ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু গোপনে সৌদি আরব সফর করে যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক করেছেন। গতকাল সোমবার এ খবর নিশ্চিত করেছেন নেতানিয়াহুর মন্ত্রিসভা এবং লিকুদ পার্টির এক সদস্য। এ সফর সম্পর্কে এক প্রশ্নের জবাবে ইসরাইলি আর্মি রেডিওতে শিক্ষামন্ত্রী বলেন, ‘বৈঠক হয়েছে এটা সত্য এবং তা প্রকাশ্যেও এসেছে, যদিও এ মুহূর্তে তা পুরোপুরি সরকারিভাবে ঘোষিত বৈঠক নয়। তারপরও এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এক অভাবনীয় অগ্রগতি।’ বিভিন্ন গণমাধ্যমে নেতানিয়াহুর বিমান থেকে নামার ছবিও প্রকাশ করা হয়েছে।ইসরাইলের কান পাবলিক রেডিও এবং আর্মি রেডিও এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছিল, নেতানিয়াহু এবং ইসরাইলের মোসাদ গোয়েন্দা সংস্থার পরিচালক জোসেফ কোহেন রবিবার সন্ধ্যায় সৌদি আরবের নিও শহরে যুবরাজ সালমানের সঙ্গে সাক্ষাত্ করেছেন। সেখানে আগে থেকেই রিয়াদ সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক করতে উপস্থিত ছিলেন যুবরাজ সালমান। ইসরাইলের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক স্বাভাবিক করার যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে নেতানিয়াহুর সৌদি আরব সফরের এ খবর এল। নেতানিয়াহুর কার্যালয় কিংবা জেরুজালেমের মার্কিন দূতাবাস থেকে এ খবরের ব্যাপারে তাত্ক্ষণিক কোনো মন্তব্য আসেনি। অপরদিকে, সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম নেতানিয়াহুর সফরের কথাও উল্লেখ করেনি। সৌদি আরবের সরকারি গণমাধ্যমও তাত্ক্ষণিকভাবে এ সম্পর্কে রয়টার্স বার্তা সংস্থার কোনো প্রশ্নের জবাব দেয়নি। তবে ইসরাইলের একটি পত্রিকা বিমান চলাচল তথ্য প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, সংক্ষিপ্ত সময়ের ভ্রমণে একটি ব্যক্তিগত বিমান ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে সৌদি আরবের নিও-তে গেছে। খবরটি নিশ্চিত হলে এটিই হবে কঠোর মুসলিম অনুশাসনের দেশ সৌদি আরবে কোনো ইসরাইলি নেতার প্রথম প্রকাশ্যে স্বীকৃত সফর। সৌদি আরব এ পর্যন্ত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে অস্বীকৃতি জানিয়ে এসেছে। কিন্তু গত আগস্ট থেকে সৌদি আরব উপসাগরীয় দেশগুলোতে ইসরাইলি বিমান চলাচলের জন্য তাদের আকাশসীমা খুলে দিয়েছে।
সৌদির অস্বীকার
এদিকে, সালমানের সঙ্গে নেতানিয়াহুর গোপন বৈঠকের কথা অস্বীকার করেছে সৌদি সরকার। ওই বৈঠকের বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে টুইট করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান আল সৌদ। ফয়সাল বিন ফারহান টুইটে বলেন, ‘এমন কোনো বৈঠক হয়নি।’ এদিকে তেল আবিব থেকে নিওম সফরের বিষয়ে ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি নেতানিয়াহু।
এদিকে সালমানের সঙ্গে নেতানিয়াহুর গোপন বৈঠকের বিষয়ে এক সৌদি শীর্ষ কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, তারা বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন। এর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার বিষয় ও ইরান ইস্যু ছিল। কিন্তু তাঁরা কোনো ধরনের চুক্তি করেননি। এরপরই সৌদি সরকার বৈঠকের কথা অস্বীকার করে বলেন, শুধু মাইক পম্পেও ও মোহাম্মদ বিন সালমানের মধ্যেই বৈঠক হয়েছে। সেখানে ইসরায়েলের কেউ ছিলেন না। —বিবিসি
