চাঁদাবাজির মামলায় জামিন পেলেন মিতু হত্যা মামলার আসামি ভোলা

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২২:৪২
চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া মামলায় জামিন পেয়েছেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি এহতেশামুল হক ভোলা। গতকাল সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্র জানায়, বাকলিয়া রাজাখালী এলাকায় এক ব্যক্তির কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এহতেশামুল হক ভোলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ মামলায় গত ১৫ অক্টোবর এহতেশামুল হক ভোলাকে গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ। তার বিরুদ্ধে বাকলিয়া থানা পুলিশের অভিযোগ ছিল, এহতেশামুল হক ভোলা একজন পেশাদার সন্ত্রাসী। মাহমুদা খানম মিতু হত্যা মামলাসহ আরো ১৮টি মামলার আসামি। ১০ মাস আগে কারাগার থেকে জামিনে বের হয়ে এহতেশামুল হক ভোলা মামলার খরচ জোগাতে চাঁদাবাজি করছিলেন। উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন তত্কালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই হত্যায় অস্ত্র সরবরাহকারী হিসেবে আটক হন এহতেশামুল হক ভোলা ও তার সহযোগী মো. মনির। তাদের কাছ থেকে পয়েন্ট ৩২ বোরের একটি পিস্তল উদ্ধার করা হয়। যেটি মিতু হত্যায় ব্যবহূত হয়েছে বলে পুলিশ দাবি করেছিল তখন।