ভোলায় এক দিনের নবজাতক রেখে মায়ের ‘আত্মহত্যা’

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২২:৪৩

চরফ্যাশনে একদিনের নবজাতক রেখে বিবি খাদিজা নাছরিন (২৯) নামে এক মা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। রবিবার রাতে নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত খাদিজা নাছরিন চরফ্যাশন সরকারি কলেজের অফিস সহায়ক এবং চরফ্যাশন পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের ফারুক হোসেনের মেয়ে। ঘটনার পর থেকেই নিহতের স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক।

মৃতের ভাই মো. সাইফুল ইসলাম রুবেল জানান, গত শনিবার একটি পুত্র সন্তানের জন্ম দেন খাদিজা নাছরিন। এ উপলক্ষ্যে খাদিজার আত্মীয়-স্বজনদের তার শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল। কিন্তু রবিবারও খাদিজার বাবার বাড়ি থেকে কেউ না আসায় খাদিজার সঙ্গে তার শ্বশুড়বাড়ির লোকজনের কথাকাটাকাটি ও ঝগড়াঝাটি হয়।

চরফ্যাশন থানার ওসি মনির হোসেন মিয়া বলেন, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। রুমের দরজা ভেঙে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।