রংপুরে মাদকদ্রব্য অধিদপ্তরের বিশেষ অভিযানে পুলিশের এক এএসআইকে গ্রেফতার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব জানান, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে নগরীর স্টেশন রোডের নুরপুরের একটি ৬তলা ভবনের ৪র্থ তলা থেকে ৩ হাজার ১৯৮ পিস ইয়াবা, নগদ ৭ হাজার ৮০০ টাকা, ৯০০ টাকা মূল্যের প্রাইজবন্ড, ১ বোতল ফেনসিডিল, বিভিন্ন ব্যাংকের পাঁচটি চেক বই ও চারটি মোবাইল ফোনসহ পুলিশের এএসআই মনিরুজ্জামানকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ টাকা। এ সময় অপর অভিযুক্ত বাড়িওয়ালা পালিয়ে যান।
জানা গেছে, এর আগে মাদক সেবন ও চোরাকারবারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এএসআই মনিরুজ্জামানকে। বর্তমানে তিনি কুড়িগ্রাম পুলিশ লাইনে ক্লোজড অবস্থায় আছেন। এএসআই মনিরুজ্জামান পরিবার নিয়ে নগরীর ঐ বাড়িতে ভাড়া থাকেন এবং সেখান থেকে মাদকের কারবার চালিয়ে আসছিলেন। আটককৃত এএসআই মনিরুজ্জামান গাইবান্ধা সদরের দক্ষিণ ফুরিয়া এলাকার বাসিন্দা।
