মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশনের ফেনীর উদ্দেশে যাত্রা আজ

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২২:৪৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ‘মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন-২০২০’ এর সাইক্লিং দল আজ মঙ্গলবার ফেনীর উদ্দেশ্যে কুমিল্লা সেনানিবাস ছেড়ে যাবে।

গতকাল সোমবার দাউদকান্দি উপজেলার হাসানপুর এস এন সরকারি ডিগ্রি কলেজ হতে কুমিল্লা সেনানিবাসে পৌঁছে দলটি। এ সময় কুমিল্লা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা দলটিকে অভ্যর্থনা জানান। দলটি কুমিল্লা সেনানিবাসের শহিদ স্মৃতিসৌধে ‘যাদের রক্তে মুক্ত স্বদেশ’ পুষ্পস্তবক অর্পণের পর এম আর চৌধুরী গ্রাউন্ডে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সঙ্গে এক্সপেডিশন দলের ফটোসেশন হয়।

সাইক্লিং এক্সপেডিশন টিমের দায়িত্বে থাকা কর্মকর্তা লেফটেন্যাট কর্নেল মো. সফিউল আলম জানান, বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ‘মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন-২০২০’ এর সাইক্লিং দল তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত ১০১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সম্পূর্ণ পথে জাতির পিতার জন্মশতবর্ষের চেতনাকে আরো তাত্পর্যপূর্ণ করে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ টিম আজ ফেনীর উদ্দেশ্যে যাত্রা করবে। তিনি আরো জানান, সরকার ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত সময়কালকে মুজিববর্ষ হিসেবে উদ্যাপনের সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় গত ৮ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ও সৈনিকসহ সর্বমোট ১০০ জন সেনাসদস্য অদম্যশক্তি ও সাহসিকতার সঙ্গে তেঁতুলিয়া বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে টেকনাফ পর্যন্ত ১০১০ কিলোমিটার পথ পাড়ি জমানোর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। একই সঙ্গে একাত্তরের চেতনাকে মহিমান্বিত করে তোলার জন্য ৭১ জন সাইক্লিস্ট এই অপরাজেয় সাইক্লিং এক্সপেডিশন চলমান রাখবে। আগামী ৩ ডিসেম্বর টেকনাফে (শাহ পরীর দ্বীপ) মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন ২০২০ শেষ হবে।