সিলেট নগরীর উত্তর কাজলশাহ এলাকার একটি তালাবদ্ধ ঘর থেকে সোমবার বিকালে সৈয়দা তামান্না বেগম (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ খবর নিশ্চিত করে মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্লাহ তাহের জানান, তামান্নার ঘরের দরজা তালাবদ্ধ দেখে বাড়িওয়ালা ও প্রতিবেশীদের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। দুপুর দেড়টার দিকে পুলিশ এসে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে। নিহতের স্বামী আল মামুন পলাতক।
তিনি আরো জানান, তামান্নার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সৈয়দা তামান্না বেগমের বাবার বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ থানায়। স্বামী আল মামুনের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বলদি এলাকায়। তারা নগরীর উত্তর কাজলশাহ এলাকার ৪/১ নম্বর বাসায় ভাড়া থাকতেন।
