অযৌক্তিক মামলায় ধৈর্য হারাচ্ছে রিপাবলিকানরা

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২৩:১২

নির্বাচনের ফল উলটে দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টিম বিভিন্ন অঙ্গরাজ্যে যেসব মামলা করেছে, সেগুলো একের পর এক খারিজ হচ্ছে। পেনসিলভেনিয়ার আদালত ট্রাম্পের টিমকে মামলার যৌক্তিকতা না থাকায় ভর্ত্সনা করেছে। এ অবস্থায় ট্রাম্পের আচরণে ধৈর্য হারাচ্ছেন অনেক রিপাবলিকান নেতা। তারা প্রকাশ্যে ট্রাম্পকে হার মানার আহ্বান জানাচ্ছেন। পরাজয় মেনে নিতে আহ্বান জানিয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র নিউজার্সির সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টি। এদিকে মন্ত্রিসভা গঠনের কাজ এগিয়ে নিচ্ছেন জো বাইডেন। তার পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন বর্ষীয়ান মার্কিন কূটনীতিক অ্যান্টনি ব্লিনকেন। খবর বিবিসি ও সিএনএনের।

‘ট্রাম্পের আইনজীবীদের কর্মকাণ্ড বিব্রতকর’

নিউজার্সির সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টি ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত। তিনি এবিসি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, ‘যদি খোলাখুলি বলি, তাহলে ট্রাম্পের আইনজীবীরা যা করছেন তা জাতীয় পর্যায়ের বিব্রতকর কার্যকলাপ। আদালতের বাইরে সারাক্ষণ নির্বাচনে জালিয়াতির কথা বলে যাচ্ছেন তারা, কিন্তু কোর্টরুমে তারা জালিয়াতির যুক্তি দেখাচ্ছেন না। আমি অনেক দিন ধরে প্রেসিডেন্টের সমর্থক। তাকে দুইবার ভোট দিয়েছি। কিন্তু যা ঘটেনি, তবু অনবরত সেটাই ঘটেছে বলে যেতে পারি না।’ ২০১৬ সালের নির্বাচনে সবচেয়ে প্রথম যে গভর্নর ট্রাম্পকে সমর্থন দিয়েছিলেন, তিনি হলেন ক্রিস ক্রিস্টি।

ক্রিস ক্রিস্টি বিশেষ করে আইনজীবী সিডনি পাওয়েলের কড়া সমালোচনা করেছেন। গত বৃহস্পতিবার পাওয়েল বলেন, ইলেকট্রনিক পদ্ধতির ভোটের মাধ্যমে লাখ লাখ ভোট বাইডেনের পক্ষে বদলে দেওয়া হয়েছে। এর পক্ষে কোনো যুক্তি তিনি দেখাতে পারেননি। তিনি আরো বলেন, বাইডেন কমিউনিস্টদের টাকায় জিতেছেন। রবিবার ট্রাম্পের টিম অবশ্য এক বিবৃতিতে সিডনি পাওয়েল তাদের সঙ্গে কাজ করছেন না এমন ইঙ্গিত দিয়েছে।

এদিকে মেরিল্যান্ডের গভর্নর ল্যারি হোগান সিএনএনকে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে ভোটের ফল উলটে দিতে চাইছেন, তাতে যুক্তরাষ্ট্রকে দিনকে দিন এক অরাজক দেশ বলে মনে হচ্ছে। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ট্রাম্পের উচিত গলফ খেলা বাদ দিয়ে হার মেনে নেওয়া। হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে মিশিগানের প্রতিনিধি ফ্রেড আপটন বলেছেন, তার অঙ্গরাজ্যের ভোটাররা নিজেদের রায় দিয়েছে। নর্থ ড্যাকোটার সিনেটর কেভিন ক্রেমার বলেছেন, প্রশাসন হস্তান্তরের সময় পার হয়ে যাচ্ছে।

বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন অ্যান্টনি ব্লিনকেন

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বর্ষীয়ান কূটনীতিক অ্যান্টনি ব্লিনকেনকে মনোনীত করতে পারেন বলে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। আজ মঙ্গলবার মন্ত্রিসভার জন্য মনোনীতদের নাম ঘোষণা করতে পারেন বাইডেন। নির্বাচনে জয়ের পর আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব আবারও প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন তিনি। সেই হিসাবে পরীক্ষিত ব্যক্তিকেই শীর্ষ কূটনীতিক করছেন। অ্যান্টনি ব্লিনকেন ওবামা প্রশাসনে উপপররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ডেপুটি হিসেবে কাজ করেছেন। তার নিয়োগের জন্য সিনেটের অনুমোদন লাগবে। অন্যদিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে লিন্ডা থমাস গ্রিনফিল্ডকে মনোনীত করতে পারেন বাইডেন।