মুক্তিযুদ্ধে শহিদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নে কমিটি গঠন

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২৩:১২

মহান মুক্তিযুদ্ধে শহিদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নের লক্ষ্যে যাচাই-বাছাই কমিটি গঠন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গবেষক, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষকে সভাপতি করে গত বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিটিতে মুক্তিযোদ্ধা সদস্যদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মুক্তিযোদ্ধা ও গবেষক লে. কর্নেল কাজী সাজ্জাদ জহির, বীরপ্রতীক। গবেষক সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুন, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল, গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের ট্রাস্টি ড. চৌধুরী শহীদ কাদের, নিপসমের পরিচালক ড. বায়েজিদ খুরশীদ রিয়াজ এবং গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের গবেষক গাজী সালাউদ্দিন। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহীদুল হক ভূঁঞা সদস্য এবং উপসচিব রথীন্দ্র নাথ দত্ত সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শহিদ বুদ্ধিজীবীদের নামের তালিকা যাচাই-বাছাই করে শহিদ বুদ্ধিজীবীদের নাম, পিতার নাম ও ঠিকানাসহ মতামত প্রদানের লক্ষ্যে এ কমিটি কাজ করবে। কমিটি মুক্তিযুদ্ধকালীন শহিদদের মধ্যে কারা শহিদ বুদ্ধিজীবী হিসেবে অন্তর্ভুক্ত হবেন তার সংজ্ঞা নির্ধারণ করবে। বিভিন্ন গবেষণা গ্রন্থ, পত্রিকা কাটিং, টিভি রিপোর্ট, অন্যান্য সূত্রে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে শহিদ বুদ্ধিজীবীদের তালিকা প্রস্তুত করা হবে। এছাড়া কমিটি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, জেলা, উপজেলা ও অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গের আবেদন যাচাই-বাছাই করবে ও শহিদ বুদ্ধিজীবী তালিকায় অন্তর্ভুক্তির সুপারিশ করবে।