বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে নির্মিতব্য ভাস্কর্য ধ্বংসের হুমকি দাতাদের প্রতিরোধের আহ্বান জানিয়েছে দেশের ১১টি জাতীয় ভিত্তিক সাংস্কৃতিক সংগঠন। গতকাল সোমবার প্রেরিত এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ভাস্কর্য একটি দেশের ইতিহাস ও ঐতিহ্যের ধারক এবং সৌদি আরব, ইরান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তানসহ পৃথিবীর সব মুসলিম দেশেই অসংখ্য ভাস্কর্য নির্মিত হয়েছে। কিন্তু আমাদের দেশে একটি বিশেষ মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের উত্তেজিত করে দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। এই ধরনের অপচেষ্টা বাংলাদেশ রাষ্ট্রের অসাম্প্র্রদায়িক চেতনা এবং গণতান্ত্রিক ভিত্তির ওপর চরম আঘাত। আমরা সব ধরনের রাজনৈতিক কৌশল পরিহার করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতাবিরোধী এবং উগ্র সাম্প্র্রদায়িক গোষ্ঠীর এই ধরনের অপতত্পরতা প্রতিরোধ করার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতি দেওয়া সংগঠনগুলো হচ্ছে—সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ, আইটিআই বাংলাদেশ কেন্দ্র, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ ও বাংলাদেশ গ্রাম থিয়েটার।
