শিগিগরই ‘গোল্ডেন মনিরের’ সম্পদের বিবরণীর নোটিশ পাঠাবে দুদক

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ০০:৪৬

স্বর্ণ ব্যবসায়ী মনির হোসেন ওরফে ‘গোল্ডেন মনিরের’ প্রায় ৫০ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব সম্পদের ব্যাপারে শিগিগরই তার কাছে বিবরণী চেয়ে নোটিশ পাঠাবে কমিশন। গতকাল সোমবার দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বলেন, মনিরের নামে কমিশনে নানা অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। কমিশন থেকে তার কাছে সম্পদ বিবরণী নোটিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

দুদক সূত্র জানায়, কয়েক মাস যাবত্ গোল্ডেন মনিরের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। দুদকের উপপরিচালক সামছুল আলমের নেতৃত্বে টিম এ অনুসন্ধান চালাচ্ছে। দুদক টিমের প্রাথমিক অনুসন্ধানে গোল্ডেন মনিরের নামে ৩ কোটি ৮৪ লাখ ৯৮ হাজার ৬০০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। অন্যদিকে মনিরের স্ত্রী রওশন আক্তারের নামে তিন কোটি ৭৫ লাখ ৯২ হাজার ২৯৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের সন্ধান পাওয়া গেছে। তিনি একজন গৃহিণী। তার এসব সম্পদ অর্জনের কোনো বৈধ উত্স পাওয়া যায়নি। তিনি ২০১৬ সালের পরে এসব সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে। এছাড়া র্যাবের অভিযানে জব্দ করা টাকা, বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার ও গাড়িসহ ৪৫ কোটি ১৭ লাখ ২৭ হাজার টাকার সম্পদ থাকার প্রমাণ পাওয়া গেছে।

দুদক সূত্র আরো জানায়, ২০১২ সালের এপ্রিলে মনির হোসেনের বিরুদ্ধে ১ কোটি ৬১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের তত্কালীন উপপরিচালক হারুন অর রশীদ একটি মামলা করেন। এই মামলাটির তদন্ত এখনো শেষ হয়নি। বর্তমানে দুদকের উপপরিচালক মোশাররফ হোসেন মৃধা এই মামলার তদন্ত করছেন।