বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে চিরচেনা মহলের সেই পুরাতন আস্ফাালনের তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে। গতকাল সোমবার এক বিবৃতিতে পলিটব্যুরোর পক্ষ থেকে বলা হয়েছে, মুজিববর্ষে যখন জাতি বঙ্গবন্ধুর জীবনসংগ্রাম, তার আদর্শ এবং একটি স্বাধীন গণতান্ত্রিক সমতাভিত্তিক উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যকে স্মরণ করছে, তখন এই মহল তার ভাস্কর্য নিয়ে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে তা ক্ষমার অযোগ্য। ওয়ার্কার্স পার্টি ইতিপূর্বে লালনের ভাস্কর্য ও হাইকোর্টের ন্যায়বিচারের প্রতীক ভাস্কর্য নিয়ে স্পষ্টই বলেছে, ভাস্কর্য আর মূর্তি এক জিনিস নয়। একে মূর্তিপূজার সঙ্গে তুলনা করা কেবল বালখিল্যতা নয়, ধর্মের বিকৃতিও।
ওয়ার্কার্স পার্টি লক্ষ করছে, সম্প্রতি হেফাজতে ইসলামের পক্ষ থেকে পুনরায় শিক্ষানীতি, নারীনীতি বাতিলসহ সরকারের প্রগতিশীল সংস্কারসমূহ বাতিলের দাবিই উত্থাপন করা হচ্ছে। সংসদে যুদ্ধাপরাধী নিজামী উত্থাপিত ব্লাসফেমি আইন প্রণয়ন এবং পাকিস্তানের মতো আহমদিয়াদের অমুসলমান ঘোষণা করার দাবি জানিয়েছে। কেবল তাই নয়, তাদের শর্ত মেনে সরকার চালাতে হবে বলেও হুংকার জানাচ্ছে।
বিবৃতিতে বলা হয়, এসব লোকের বিবৃতি-বক্তৃতায় বঙ্গবন্ধুর সম্মান এতটুকু ক্ষুণ্ন হবে না। তিনি জাতির কাছে চিরজীবী থাকবেন। কিন্তু এসব লোককে অব্যাহতভাবে এসব দাবি করার সুযোগ দিলে তারা ঔদ্ধত্যের চরম পর্যায়ে পৌঁছাবে। ওয়ার্কার্স পার্টি ভাস্কর্যবিরোধী এসব প্রতিক্রিয়াশীল মহলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার আহ্বান জানায়।
