রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে গতকাল সোমবার মধ্যরাতে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রাত ১টায় এ রিপোর্ট লেখার সময় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান। তিনি বলেন, অগ্নিকাণ্ডে হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত, তা-ও জানা যায়নি। পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসার পর ভেতরে তল্লাসি চালানো হবে।
গুলশান নিকেতনের পশ্চিম পাশের এই বস্তিটি মহাখালী সাত তলা বস্তি নামে পরিচিত। রাজধানীর অন্যতম বড় এই বস্তি। এর আগেও কয়েকবার এখানে আগুন লেগেছে। মাদক ব্যবসাসহ নানা কারণে আলোচিত এই বস্তি।
বস্তিবাসী জানান, সংক্রামক ব্যাধি হাসপাতাল এলাকার পাশে বস্তির একটি দোকানে প্রথমে আগুন লাগে। অল্প সময়ের মধ্যে তা আশপাশের ঘরগুলোয় ছড়িয়ে পড়ে। এ সময় বস্তির বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটোছুটি শুরু করে। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়ে আশপাশের এলাকার বাসিন্দারাও।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা বাবুল মিয়া বলেন, রাত ১১টা ৪৫ মিনিটে আগুনের খবর পান তারা। রাত ১২টা ১ মিনিটে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সর্বশেষ ১২টি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। এই বস্তিতে অনেকগুলো ঘর রয়েছে। আগুনের শিখা অনেক দূর থেকেও দেখা যায়। এটি বস্তি এলাকা হলেও বেশ কিছু পাকা বাড়ি এবং একটি বাজার রয়েছে এখানে। পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, কীভাবে আগুন লেগেছে, সেটি পুলিশের পক্ষ থেকেও তদন্ত করা হবে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির মাত্রা জানা যায়নি।
