শৃঙ্গ ও আগ্নেয়গিরি জয়
সাত শৃঙ্গ ও সাত আগ্নেয়গিরি জয় করলেন বাঙালি সত্যরূপ সিদ্ধান্ত। ৩৫ বছর ৯ মাস বয়সী সর্বকনিষ্ঠ পর্বতারোহী হিসেবে গড়লেন বিশ্বরেকর্ড। এর আগে অস্ট্রেলিয়ার ড্যানিয়েল বুল এই কৃতিত্বের দাবিদার ছিলেন। তিনি ৩৬ বছর ১৫৭ দিন বয়সে এই কৃতিত্বের অধিকারী হন। সত্যরূপ আরও কম বয়সে এই কৃতিত্বের অধিকারী হয়ে নাম লেখালেন ইতিহাসের পাতায়। পেশায় ইঞ্জিনিয়ার সত্যরূপের আগে ভারতের কোনও পর্বতারোহী সাত শৃঙ্গ ও সাত আগ্নেয়গিরি জিততে পারেননি। বিশ্বের সর্বকনিষ্ঠ পর্বতারোহী হওয়ার পাশাপাশি এটাও রেকর্ড। এই কৃতিত্ব এত দিন ভারতীয়দের অধরাই ছিল। খবর আনন্দবাজার পত্রিকা
বুধবার ভারতীয় সময় সকাল ছয়টা ২৫ মিনিটে অ্যান্টার্কটিকার মাউন্ট সিডলি জয় করলেন সত্যরূপ। অ্যান্টার্কটিকার এই আগ্নেয়গিরির শিখরের উচ্চতা চার হাজার ২৮৫ মিটার। বেহালার ছেলে সত্যরূপের বেসক্যাম্প থেকে মাউন্ট সিডলের শীর্ষে উঠতে লাগে প্রায় ১১ ঘণ্টা। কলকাতা থেকে চিলির সান্তিয়াগো শহর ছুঁয়ে অ্যান্টার্কটিকা পৌঁছান তিনি।
মাউন্ট সিডলিও যে সত্যরূপ জয় করবেন, এটা নিয়ে সংশয় ছিল না তার ঘনিষ্ঠদের মধ্যে। তবে আশঙ্কা যে একেবারেই ছিল না, তা নয়। মাউন্ট পিকো ডি ওরিজাবা জয় করে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। এবারও যে সময়ের মধ্যে তার মাউন্ট সিডলি জয়ের কথা, সেই সময় পেরিয়ে গেলেও খবর পাওয়া যাচ্ছিল না। অবশেষে সত্যরূপের সপ্তম আগ্নেয়গিরি জয়ের খবর পেয়ে আনন্দে মেতে ওঠেন শুভানুধ্যায়ীরা।
