‘২১তম ডিভিশনকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে’
রয়টার্স ও আল-জাজিরা
ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকার-সমর্থিত সেনাবাহিনীর ২১তম মেকানাইজড ডিভিশনকে ‘পুরোপুরি ধ্বংস’ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে তিগ্রাই পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলফ)। বাহিনীটির মুখপাত্র গেতাচিউ রেদা গতকাল মঙ্গলবার উত্তরাঞ্চলীয় তিগ্রাই অঞ্চলে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে এই ‘বড় অগ্রগতির’ দাবি করেছেন। টিপিএলফের এই দাবি প্রসঙ্গে তাত্ক্ষণিকভাবে ইথিওপিয়ার সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে গত সোমবার ইথিওপিয়ার কেন্দ্রীয় বাহিনী তিগ্রাইয়ের রাজধানী মেকেলের চারপাশ ঘিরে ৫০ কিলোমিটার দূরে অবস্থান নেওয়ার দাবি করেছিল। সরকারের মুখপাত্র রেদওয়ান হুসেইন সে সময় বলেছিলেন, ‘শেষের শুরু এখন হাতের নাগালে।’ ইথিওপিয়ার নোবেল বিজয়ী প্রধানমন্ত্রী আবি আহমেদ টিপিএলএফকে আজ বুধবারের মধ্যে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। তা না হলে মেকেলেতে চূড়ান্ত অভিযান শুরু হবে বলেও হুঁশিয়ার করেছেন তিনি।
টিপিএলএফের নেতা দেব্রেতশন গ্যাব্রিমিকায়েল অবশ্য তাদের রাজধানী ঘিরে ফেলার খবর অস্বীকার করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছিলেন, আত্মসমর্পণের আলটিমেটামের আড়ালে সরকারি বাহিনী মূলত সময় নিতে ও নিজেদের পুনর্গঠন করতে চাইছে। তিনি বলেন, ‘তিনটি যুদ্ধক্ষেত্রেই তারা আমাদের কাছে পরাজিত হয়েছে।’ তিগ্রাই অঞ্চলে ফোন ও ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এবং সেখানে প্রবেশাধিকার কঠোরভাবে নিয়ন্ত্রিত হওয়ায় টিপিএলএফের এসব দাবির সত্যতা যাচাই করা যায়নি।
