চোট কাটিয়ে কাতারে যাচ্ছেন জীবন

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২১:১৯

আজ প্রথম

প্রস্তুতি ম্যাচ

 স্পোর্টস রিপোর্টার

গত ১৯ নভেম্বর কাতার গিয়েছে বাংলাদেশ ফুটবল দল। কোয়ারেন্টাইন কাটিয়ে অনুশীলন জিম সেশন করে আজ প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল। প্রতিপক্ষ আর্মি ফুটবল টিম। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। আর খেলা হবে দোহার আল আজীজিয়া বুটিকে, সুপার ক্লাবের মাঠে। সুখবর হচ্ছে হাঁটুর ব্যথা কাটিয়ে স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন আজ কাতার যাচ্ছেন। তবে তিনি আজ খেলতে পারবেন না।

বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ হবে, ২৮ নভেম্বর। জাতীয় ফুটবল দল দুটি প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিয়ে ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ের ম্যাচে লড়াই করবে।

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ আয়োজক দেশ। বিশ্বকাপ আয়োজক দেশে গিয়ে বাংলার ফুটবলাররা বেশ ভালো সময় কাটাচ্ছে। সেখানে প্রশিক্ষণের জন্য আধুনিক সব সুযোগ-সুবিধা পেয়েছে। কাতারে আগেও গিয়েছে বাংলাদেশ। সবসময় কাতার বাংলাদেশ ফুটবল দলকে ভালো আতিথেয়তা দিয়ে থাকে। বিশেষ করে দলের অনুশীলনের জন্য সর্বাধুনিক সুবিধা ভোগ করেন জামাল ভুঁইয়ারা।

আজকের প্রতিপক্ষ আর্মি ফুটবল টিম হলেও তাদের সম্পর্কে কিছুই জানা নেই ফুটবল দলের। আর বাংাদেশও প্রতিপক্ষ নিয়ে ভাবছে না। তারা মনে করছে মূল ম্যাচ কাতারের বিপক্ষে। তার আগে দলটাকে সাজিয়ে তোলা। নেপালের বিপক্ষে আক্রমণভাগে দারুণ খেলেছেন সাদ উদ্দিন। তার খেলা নজর কেড়েছে। নিজেরদের প্রস্তুতি নিয়ে সাদ উদ্দিন বললেন, ‘পাসিং ফুটবল খেলানো হয়েছে। যেহেতু আজকে ম্যাচ তাই কিছু কিছু জায়গায় আমাদেরকে সেটপিস অনুশীলন করানো হয়েছে। ম্যাচ সিচুয়েশনগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। কখন কোন পরিস্থিতিতে আমাদেরকে কি করতে হবে। পজিশন অনুযায়ী বুঝিয়ে দেওয়া হয়েছে। আজকে (গতকাল) অনুশীলনের পর জিম সেশন ছিল রিকভারির জন্য এটা কাজে লাগবে। ইয়ো ইয়ো টেস্ট দিয়েছি আমরা।’

জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডে এখনো করোনা মুক্ত হননি। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বললেন, ‘আরো দুই-তিন দিন পর জেমি ডের নমুনা পরীক্ষা করা হবে। আমরা আশা করছি রিপোর্ট নেগেটিভ হবে। জেমিও আশা করছেন তিনি ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে ম্যাচে ডাগ আউটে থাকতে পারবেন।’