ছিটকে গেলেন ইব্রা

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২১:২০

মাঠে দারুণ ছন্দে থাকলেও দুর্ভাগ্য যেন এসি মিলান তারকা জলাতান ইব্রাহিমোভিচের পিছুই ছাড়ছে না। মাংসপেশির চোট এবার তাকে ছিটকে দিয়েছে কমপক্ষে দুই সপ্তাহের জন্য। গত সোমবার রাতে ইব্রার চোটের বিষয়টি মিলান কর্তৃপক্ষ নিশ্চিত করে। তবে সুইডিশ এই ফরোয়ার্ডের সেরে উঠতে কত দিন প্রয়োজন, সে ব্যাপারে কিছু জানায়নি ক্লাবটি। সংবাদমাধ্যম রয়টার্স অবশ্য নির্ভরযোগ্য সূত্র ধরে জানাচ্ছে, সেরে উঠতে নিদেনপক্ষে দুই-তিন সপ্তাহ চাই মিলান তারকার। গত রবিবার ন্যাপোলির বিপক্ষে ম্যাচে জোড়া গোল করে দশ বছর পর ন্যাপোলির মাঠে দলকে জেতান ইব্রা। তবে সেদিনই ম্যাচের ৮০ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। চলতি মৌসুমে ইতালিয়ান লিগে ছয় ম্যাচে ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে আছেন ইব্রাহিমোভিচ।