কঠিন সময়ে ফিরলেন ক্যাসেমিরো

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২১:২১

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের ভাগ্য ঝুলছে সুতোয়। আজ ইন্টার মিলানের বিপক্ষে হারলে চোখ রাঙাবে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কাও। এমনই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে করোনামুক্ত হয়ে দলে ফিরেছেন রিয়ালের মিডফিল্ডার ক্যাসেমিরো।

নিজেদের প্রথম তিন ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ মোটে চার পয়েন্ট। আজ নেতিবাচক ফল পেলে কোচ জিনেদিন জিদানের শিষ্যরা চলে যাবে খাদের কিনারে। এমনই সময়ে এক সুসংবাদ পেয়েছে দলটি। মিডফিল্ডের কাণ্ডারি ক্যাসেমিরো ফিরছেন দলে। তবে ভিয়ারিয়ালের বিপক্ষে না খেলা করিম বেনজেমা অবশ্য থাকছেন না এদিনও। এছাড়াও দলে নেই এডার মিলিতাও, সার্জিও রামোস, ফেদেরিকো ভালভার্দে ও আলভারো অড্রিওজোলারা। নতুন করে করোনাক্রান্ত হয়েছেন লুকা জভিচ।

এমনই চোট ও করোনাজর্জর দল নিয়ে আজ বুধবার রাতে মাঠে নামছে রিয়াল। একই রাতে বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ম্যানচেস্টার সিটির মতো ফেভারিটরাও নামবে নিজেদের চতুর্থ ম্যাচে।