স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন এখন সুস্থ। হাসপাতাল থেকে গত রবিবার বাসায় ফিরেছেন তিনি। গতকাল সাবেক এই অধিনায়ক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে বাসায় অবস্থান করছেন তিনি। বাসায় বসেই টিভিতে দেখছেন বঙ্গবন্ধু টি-২০ কাপের ম্যাচ।
গতকাল জানতে চাইলে হাবিবুল বাশার বলেন, ‘গত পরশু (রবিবার) বাসায় ফিরেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আর কোনো সমস্যা নেই।’
শ্বাসকষ্টের জটিলতা নিয়ে গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছিলেন হাবিবুল। রাজধানীর এভারকেয়ারে চিকিত্সা নিয়েছেন। এর আগে গত ৯ নভেম্বর করোনা পজিটিভ রিপোর্ট পেয়েছিলেন তিনি। কয়েক দিন জ্বরে ভুগে ছিলেন। করোনা আক্রান্ত হওয়ার পর শ্বাসকষ্টের জটিলতা দেখা দিয়েছিল হাবিবুলের। হাসপাতালে চিকিত্সা শেষে এখন পুরোপুরি সুস্থ জাতীয় দলের এই নির্বাচক।
