বরগুনায় ক্রিকেটের জমজমাট আসর শুরু হচ্ছে

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২১:২২

বরগুনা (উত্তর) প্রতিনিধি 

মুজিববর্ষ উপলক্ষ্যে আগামী ৩০ নভেম্বর বরগুনায় শুরু হতে যাচ্ছে এমপি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বরগুনা জেলা শাখার আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় স্থানীয় স্টেডিয়ামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আট দলের এই ব্যাটবলের লাড়াই-ই হবে জেলার সব থেকে বড় এবং জমজমাট ক্রিকেট আসর। ৮ দলের মধ্যে ঢাকার ২, বরিশালের ৩, পটুয়াখালীর ১ এবং বরগুনার ২টি দল অংশগ্রহণ করবে। দলগুলো হচ্ছে : মিরপুর ঢাকার ক্রিকেট একাডেমি, ইনডিপেনডেন্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, বরিশালের ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি, বরিশালের বেসিক ক্রিকেট একাডেমি, বরিশালের অল স্টার্স অব, পটুয়াখালীর ক্রিকেট একাডেমি ও বরগুনা বয়েজ এবং বরগুনা জুনিয়র্স।

রবিবার জেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় টুর্নামেন্ট নিয়ে বিভিন্ন তথ্য জানান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সমপাদক মো. আলমগীর হোসেন। কোয়াবের বরগুনা শাখার সভাপতি শাওন তালুকদার এবং সাধারণ সম্পাদক মইনুল ইসলাম বলেন, প্রথম বার হলেও এই টুর্নামেন্টে ক্রিকেট দল থেকে শুরু করে সপন্সরদেরও ব্যাপক সাড়া পেয়েছি আমরা।