ডাকঘর চাই

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২১:২৫

শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনায় রয়েছে শতবর্ষী উচ্চ বিদ্যালয়, পুলিশ তদন্ত কেন্দ্র, একটি মহাবিদ্যালয়, একটি বালিকা উচ্চ বিদ্যালয়, বেশ কয়েকটি মাদ্রাসাসহ অনেকগুলো সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু কাগজপত্র অনুযায়ী চন্দ্রকোনায় একটি ডাকঘর থাকলেও বাস্তবে নেই কোনো কার্যক্রম। ফলে চিঠি অদান-প্রদানে সবাইকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখানে ডাকঘর না থাকায় চাকরির ইন্টারভিউ কার্ড সময়মতো পাওয়া যায় না। শুধু তাই নয়—গুরুত্বপূর্ণ চিঠি, মানি অর্ডার, পার্সেল সার্ভিস, খাম, ডাকটিকিটি, পোস্টাল অর্ডার—এসব সুবিধা থেকে এলাকাবাসী বঞ্চিত। ১০ টাকার চিঠি পাঠাতে চন্দ্রকোনার মানুষকে ন্যূনতম ৫০ টাকা যাতায়াত ভাড়া খরচ করে উপজেলা শহরে যেতে হয়। এ অবস্থায় চন্দ্রকোনায় একটি ডাকঘর স্থাপন জরুরি। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. সুখন

নকলা, শেরপুর