শহরাঞ্চলের মানুষের চেয়ে গ্রামের মানুষ এখনো অনেক পিছিয়ে। শিক্ষার হার তাদের মধ্যে কম পাশাপাশি সচেতনতার অভাব। গ্রামের দোকানগুলোতে খাদ্যদ্রব্য বিশেষ করে বিস্কুট, চকোলেট, চিপস এসবের মেয়াদ পার হওয়ার পরেও দোকানে রাখা হয়, সেসব বিক্রিও হচ্ছে নির্দ্বিধায়। স্কুলপড়ুয়া বাচ্চা বা তাদের অভিভাবকরা সচেতনতার অভাব হেতু মেয়াদের দিকে নজর না দিয়েই তা সন্তানের হাতে তুলে দেন। যা বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মানুষের স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। কিছুদিন আগে আমি নিজে গ্রামের একটা দোকানে মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য দেখে দোকানিকে এই কথা বলার পরও তিনি সামান্যতম অনুতাপ বোধ না করে, জিনিসটি আবারও যথাস্থানে রেখে দিলেন। আমাদের সবার উচিত গ্রামে বা শহরে যে কোনো জায়গায় খাবার বা অন্য যে কোনো কিছু কেনার আগে তার মেয়াদ দেখে নেওয়া। নিজে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের মানুষের মধ্যে এই সচেতনতা তৈরি করা সবার কর্তব্য। আসুন আমরা সজাগ হই—মেয়াদ উত্তীর্ণ কোনো দ্রব্য আর দোকানে নয়।
সানজানা হোসেন অন্তরা
তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
