৮-১০-২০১৮ তারিখের ১১৮ সংখ্যক স্মারক মোতাবেক শতভাগ পেনশন সমর্পণকারী প্রজাতন্ত্রের অবসরপ্রাপ্ত কর্মচারীদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে তাদের মাসিক পেনশন পুনঃস্থাপনের সিদ্ধান্ত বর্তমান সরকারের একটি যুগান্তরকারী সিদ্ধান্ত। কিন্তু ২৮-১০-২০১৯ তারিখের ৯৭ এবং ১১-০২-২০২০ তারিখের ২০ সংখ্যক স্মারক মোতাবেক পেনশন পুনঃস্থাপিত হয়েছে কেবল তাঁদের মৃত্যুর পর, তাঁদের বিধবা স্ত্রী/বিপত্নীক স্বামী ও প্রতিবন্ধী সন্তান (যদি থাকে) পারিবারিক পেনশন হিসেবে পুনঃস্থাপিত পেনশন সুবিধা প্রাপ্য হবেন বলে মতামত দিয়েছে সরকারের অর্থ বিভাগ। অথচ শতভাগ পেনশন সমর্পণকারী প্রজাতন্ত্রের অবসরপ্রাপ্ত যে সব কর্মচারী ১৫ বছর পার করার আগেই (পেনশন পুনঃস্থাপন ব্যতীত) মৃত্যুবরণ করেছেন, ঐসব কর্মচারীর বিধবা স্ত্রী/বিপত্নীক স্বামী ও প্রতিবন্ধী সন্তানকে (যদি থাকে) পারিবারিক পেনশন হিসেবে পেনশন পুনঃস্থাপনের সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে, যা বৈষম্য সৃষ্টি করেছে। এ অবস্থায়, শতভাগ পেনশন সমর্পণকারী প্রজাতন্ত্রের অবসরপ্রাপ্ত যে সব কর্মচারী ১৫ বছর পার হওয়ার আগে (পেনশন পুনঃস্থাপন ব্যতীত) মৃত্যুবরণ করেছেন, ঐসব কর্মচারীর অবসর গ্রহণের তারিখ থেকে ১৫ বছর অতিক্রান্তের পর তাঁদের বিধবা স্ত্রী/বিপত্নীক স্বামী ও প্রতিবন্ধী সন্তান (যদি থাকে) পারিবারিক পেনশন হিসেবে পেনশন পুনঃস্থাপনের সুবিধা প্রদানের জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করছি।
বিকাশ পাল
কমলাপুর (পালপাড়া), ফরিদপুর
