স্বেচ্ছাশ্রমে খালের পলি সরাচ্ছেন কৃষক

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২১:২৯

কেশবপুর (যশোর) সংবাদদাতা

কেশবপুরে গতকাল মঙ্গলবার আগরহাটি-ডহুরী খালের তিন কিলোমিটার পলি অপসারণের কাজ শুরু করেছেন প্রায় ২০০ কৃষক। আগরহাটি ফোরব্যান্ট স্লুইসগেটের পাশে গিয়ে দেখা যায়, ভরত ভায়না বিল এলাকার তিনটি গ্রামের প্রায় ২০০ কৃষক স্বেচ্ছাশ্রমে খালের পলি অপসারণ করছেন। কৃষক প্রবীর বিশ্বাস বলেন, ভরত ভায়না বিলে রয়েছে ৬ হাজার ৭৫০ বিঘা জমি। খালটি পলিতে ভরাট হওয়ায় পানি ঠিকমতো নিষ্কাশন হতে না পেরে বিলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলাবদ্ধতা নিরসন করে বোরো আবাদ করার জন্য বিলপাড়ের ডহুরী, কাঁকবাঁধাল, সারুটিয়া গ্রামের প্রায় ২০০ কৃষক স্বেচ্ছাশ্রমে সকাল থেকে খালের পলি অপসারণের কাজ চালান।