চাঁদপুর প্রতিনিধি
পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, চাঁদপুর শহর রক্ষাকল্পে ৪২০ কোটি টাকার প্রকল্প একনেকে চূড়ান্ত পর্যায় রয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রীর নেতৃত্বে মেঘনা নদীতে একটি টানেল ও রেললাইন স্থাপনের পরিকল্পনা করছি।
মঙ্গলবার চাঁদপুর শহর রক্ষাবাঁধের পুরান বাজার হরিসভা এলাকা পরিদর্শন শেষে সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখান না, তিনি স্বপ্ন বাস্তবায়নও করেন। চাঁদপুর শহর রক্ষায় এখন আর ছোট প্রকল্প গ্রহণ না করে আমরা বড় এবং স্থায়ী পরিকল্পনা গ্রহণের উদ্যোগ নিয়েছি।
পানি উন্নয়ন বোর্ড কুমিল্লা অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. জহির উদ্দিন আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সফিকুল ইসলাম, চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার (এসপি) মো. মাহবুবু রহমান, পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হালদার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
