কুড়িগ্রাম পৌরসভা নির্বাচন
কুড়িগ্রাম প্রতিনিধি
আগামী ২৮ ডিসেম্বর কুড়িগ্রাম পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী বাছাইয়ে পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে সভায় আওয়ামী লীগের ছয় জন প্রার্থী দলীয় মনোনয়নের জন্য আবেদন করলেও দুই প্রার্থী তাদের আবেদন প্রত্যাহার করে নেয়। পরে সভায় মেয়র প্রার্থী নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মনোনয়ন প্রত্যাশীরা হলেন—কুড়িগ্রাম পৌরসভার বর্তমান মেয়র আব্দুল জলিল, সাবেক পৌর চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিউল ইসলাম, পৌর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু, সাবেক ছাত্রলীগ নেতা মমিনুল ইসলাম মমিন। কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাড. এস এম আব্রাহাম লিংকন বলেন, কেন্দ্রীয় নির্দেশে আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থী মনোনয়নে ভোটাভুটির মাধ্যমে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীর নাম কেন্দ্রে পাঠানো হবে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি ভোটে বাছাইকৃত ১ম ও ২য় জনের নাম প্রেরণ করবেন।
