সড়কে প্রাণ গেল তিন জনের

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২১:৩৩

ইত্তেফাক ডেস্ক

দৌলতপুর, দামুড়হুদা ও কিশোরগঞ্জ উপজেলায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। সংবাদদাতাদের পাঠানো খবর:

দৌলতপুর (কুষ্টিয়া) :দৌলতপুর উপজেলার কুষ্টিয়া-প্রাগপুর সড়কের কল্যাণপুর এলাকায় সকালে ইট বোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মামুনের মৃত্যু হয়েছে। মামুন উপজেলার মরিচা ইউপির মাঝদিয়াড় মুন্সিপাড়া গ্রামের মুনসাদ মুন্সীর ছেলে। এ সময় ট্রলিতে থাকা শাওন নামের একজন আহত হয়েছেন। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন আছেন। দৌলতপুর থানার ওসি জহুরুল আলম জানান, ময়নাতদন্তের জন্য মোটরসাইকেল আরোহীর লাশ মর্গে পাঠানো হয়েছে।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) :দামুড়হুদার দর্শনায় দুপুরে ট্রাকের ধাক্কায় হরিজন সম্প্রদায়ের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত উনিয় দর্শনা আমতলা এলাকার হরিজন সম্প্রদায়ের নরেশের স্ত্রী।

তিনি বাড়ি থেকে বেরিয়ে মেইন সড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় ভুট্টা বোঝাই ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দর্শনা থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জ (নীলফামারী) : উপজেলার বড়ভিটা ইউনিয়নে বড়ভিটা বাজারের পাশে অবস্থিত খেলার মাঠে মাইক্রোবাসের ধাক্কায় লক্ষ্মীরানী রায় (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।  সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। সে বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ বড়ভিটা গ্রামের মৃত জোগেস চন্দ্র রায়ের স্ত্রী। কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।