জরুরি সেবার জন্য বগুড়ার পুলিশ পেল নতুন তিন গাড়ি

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২১:৩৪

স্টাফ রিপোর্টার, বগুড়া

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর জন্য বগুড়া জেলা পুলিশ পেল তিনটি গাড়ি। দ্রুত সাড়া দেওয়ার ক্ষেত্রে অন্যতম সমস্যা ছিল পরিবহন ব্যবস্থা। সে সমস্যা দূর করতে চালু হচ্ছে ৯৯৯ ডেডিকেটেড গাড়ি ব্যবস্থা। রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন মঙ্গলবার বগুড়া জেলা পুলিশ সুপার কার্যালয়ে জরুরি  সেবা ৯৯৯ এর জন্য ডেডিকেটেড গাড়ি হস্তান্তর করেন।

রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বলেন, প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ২০১৭ সালের ১২ ডিসেম্বর দেশে ৯৯৯ সেবা পদ্ধতি চালু হয়। এর পর থেকে দেশে জরুরি সেবা ৯৯৯ এ এখন পর্যন্ত ২ কোটি ৪০ লাখ কল এসেছে। বাংলাদেশে পুলিশ কলগুলোতে দ্রুত সাড়া দিয়ে প্রয়োজনীয় সেবা দিয়েছে। তবে এক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা একটি অন্তরায় ছিল। এজন্য বগুড়ায় তিনটি গাড়ি দেওয়া হয়েছে।

গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞাসহ সব পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।